সাগর-রুনীসহ সারাদেশে সাংবাদিক হত্যার বিচার দাবীতে কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিক সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধকালে স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগ দাবী
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি : মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনীসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবীতে কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকবৃন্দ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। বুধবার বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের মজমপুর গেটের ঘৃণিত রাজাকার চত্বরে এ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ও ১ ঘন্টা সড়ক অবরোধ করে সাংবাদিকরা। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ এবং কুষ্টিয়া-পাবনা মহাসড়কে কয়েকশ বাস-ট্রাকসহ সমস্ত যানবাহক আটকা পরে। কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক আলহাজ্ব ওয়ালীউল বারী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংবাদের প্রতিনিধি মিজানুর রহমান লাকী, ইত্তেফাক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বাংলাভিশনের প্রতিনিধি নূর আলম দুলাল, দেশ টিভির প্রতিনিধি শরীফ বিশ্বাস, প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, যায়যায় দিন প্রতিনিধি সোহেল রানা, একুশে টিভি প্রতিনিধি জহুরুল হক, বাংলাদেশ সময় প্রতিনিধি কাঞ্চন কুমার প্রমুখ। সমাবেশে বক্তারা সাগর-র”নীসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবী জানান এবং স্বরাষ্টমন্ত্রী এ্যাডঃ সাহারা খাতুনের পদত্যাগ দাবী জানান। সড়ক অবরোধকালে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এসে সাংবাদিকদের পুলিশের প্রতি আস্থা রাখার আহবান জানালে সাংবাদিকরা সড়ক অবরোধ তুলে নেন। সমাবেশ পরিচালনা করেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ রানা।











