কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরিচিতি সভায় ফখরুলের কাছে মিথ্যাচার কাম্য নয় ………….. হানিফ
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের সাফল্য দেখে জাতির কাছে মিথ্যাচার করা কারও কাম্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখর”ল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগের নেতা হানিফ আরও বলেন, ‘মির্জা ফখর”ল একজন শিক্ষিত ব্যক্তি। এক সময় কলেজের শিক্ষকতাও করেছেন। আমরা সব সময় তাঁর কাছ থেকে শালীন বক্তব্য আশা করি, অশালীন বক্তব্য আশা করি না।’ শনিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের (ব্যাচ-১) শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে বলেন, তিন বছর আগে দেশে চালের দাম ছিল ৩৫-৪০ টাকা কেজি। এখন সেই চালের দাম ২৫-৩০ টাকার মধ্যে। তিনি বলেন, সরকার দাম কমিয়ে এনেছে। তিনি বলেন, ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বলেছেন, প্রধানমন্ত্রী নাকি ১০০ টাকায় ১০-১২ কেজি চাউল কেনার কথা বলেছেন। এ ধরনের মিথ্যাচার জাতির কাছে কাম্য নয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ তরুন কান্তি হালদার ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।











