প্রেসক্লাবের সামনে সংঘর্ষ, আটক ৪০,কাল সারাদেশে হরতাল!!
মহানবী হজরত মুহাম্মদকে (স.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভরত ইসলামী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও ইসলামী সমমনা ১২ দল। সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী সমমনা ১২ দলের মহাসচিব জাফরুল্লাহ খান হরতালের ঘোষণা দেন।
সংঘর্ষ চলাকালে পুলিশ ২১ নেতা-কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছে ইসলামী সমমনা ১২ দল। আজ সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। ওই সময় বিক্ষোভকারীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে নয়া দিগন্তের এক সাংবাদিকের একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। তাদের ছোড়া ইটে কয়েকজন সাংবাদিকও আহত হন। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের কারণে প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকদেরও দুর্ভোগ পোহাতে হয়।
পৌনে ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশ প্রেসক্লাবের বাইরে অবস্থান নিয়ে আছে। অন্যদিকে বিক্ষোভকারীরা প্রেসক্লাবের ভেতরে। ইসলামবিরোধী বলে পরিচিতি পাওয়া ওই চলচ্চিত্রের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল কর্মসূচি দিলে পল্টন ও এর আশপাশ এলকায় শুক্রবার বিকাল ৫টা থেকে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। ওই নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হয় বলে জাতীয় প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা মোড়, বিজয়নগরসহ এর আশপাশের এলাকায় পুলিশের অবস্থান রয়েছে।
যুক্তরাষ্ট্রে হজরত মুহাম্মদকে (সা.) অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিভিন্ন ইসলামী সংগঠন গত কিছুদিন ধরেই বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ প্রদর্শন করছে। শুক্রবার জুমার নামাজের পরও বিক্ষোভ হয়। বিতর্কিত এই চলচ্চিত্রকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সংঘাতে রূপ নিলে গতকাল শুক্রবার পাকিস্তানে অন্তত ১৯ জন নিহত হয়। ওই চলচ্চিত্রের নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই চলচ্চিত্রের ভিডিওক্লিপ প্রচার হওয়ার পর বাংলাদেশ সরকার ইতিমধ্যে ইউটিউব বন্ধ করে দিয়েছে।
স্টাফ রিপোর্টার ।











