যুক্তরাষ্ট্রে মহানবীকে অবমাননা করে সিনেমা নির্মাতার ফাঁসির দাবি চুয়াডাঙ্গায় বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে মহানবী হযরত মোহাম্মাদকে (স.) অবমাননা করে সিনেমা নির্মাণকারীর ফাঁসির দাবি উঠেছে বিশ্বজুড়ে। ক্ষোভে ফেটে পড়েছে ধর্মপ্রাণ মুসলমানেরা। সারাদেশের বিভিন্ন স্থানের মতো চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে।জানা গেছে, যুক্তরাষ্ট্রে চিত্রনির্মাতা স্যাম ব্যাসিল ‘দ্যা ইনোসেন্স অব মুসলিম’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। ওই সিনেমায় মহানবী হযরত মোহাম্মদকে (স.) প্রতারক হিসেবে দেখানো হয়েছে। এতে সারাবিশ্বে মুসলিম সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশসহ সারাবিশ্বে। এরই সূত্র ধরে চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ গতকাল চুয়াডাঙ্গা জেলা শহরে বিক্ষোভ ও প্রতিবাদসভার আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে সিনেমা নির্মাতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
এর আগে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে প্রতিবাদসভার উদ্বোধন করেন ওলামা পরিষদের উপদেষ্টা সদস্য হাজি রুহুল আমিন। বক্তব্য রাখেন ওলামা পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাও. মুফতি জুনাইদ আল হাবিবী, সাধারণ সম্পাদক হাজি মুফতি মুস্তাফা কামাল কাসেমী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি ডা. জিনারুল ইসলাম, মুফতি আজিজুল্লাহ, মাও. মামুনুর রশীদ, মাও. হারুনার রশীদ, মাও. হাবিবুর রহমান, হাফেজ সরওয়ার, মাও. জহুরুল ইসলাম, মুফতি আ. সালাম, মাও. শফিকুল, মাও. আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা আপত্তিকর সিনেমা নির্মাতা স্যাম ব্যাসিলের ফাঁসি দাবি করেন।
কামরুজ্জমান সেলিম,চুয়াডাঙ্গা থেকে ।











