সাগর-রুনির প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে এটিএন বাংলার সামনে সমাবেশ চলছে
ঢাকা ১৬ সেপ্টেম্বরঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনির প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর কারওয়ানবাজারের এটিএন বাংলা কার্যালয়ের সামনে সাংবাদিক সমাবেশ শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় এ সমাবেশ শুরু হয়।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী এবং মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, ডিইউজে সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার চেয়ে দেশের সবক’টি সাংবাদিক সংগঠন শুরু থেকে আন্দোলন করে আসছে। ১১ সেপ্টেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান তার বিরুদ্ধে সব ধরনের সমাবেশ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপে নিম্ন আদালতে আবেদন জানান। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেয়।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।













