বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩৫ টি মর্টারসেল ও ২টি গ্রেনেড উদ্ধার
বান্দরবান পার্বত্য জেলার থানছি উপজেলার দূর্গম জঙ্গলাকীর্ণ এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩৫ টি মর্টারসেল ও ২টি গ্রেনেড উদ্ধার করেছে। গতকাল বিকাল ৫টায় বান্দরবান সেনাবাহিনীর সদর জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে: কর্নেল ইমরান বিন এ-রউফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শুক্রবার সন্ধ্যায় জেলার থানছি উপজেলা থেকে ৩কিলোমিটার দক্ষিন পূর্বে দূর্গম গহিন জঙ্গলে অভিযান চালিয়ে পরিতক্ত অবস্থায় থাকা ৩২ টি ৮১ এম এম মর্টারসেল, ৩টি ২ ইঞ্চি মর্টারসেল ও ২ টি ৩৬ আর্জেস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে এর সাথে কে বা কারা জড়িত তা সনাক্ত করতে পারেনি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা জানান, বাংলাদেশী বা বিদেশী সন্ত্রাসীরা কোন এক সময় মাটির নিচে বস্তায় ভরে এসব গোলাবারুদ লুকিয়ে রেখেছিল। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান সেনাবাহিনীর সদর জোন অধিনায়ক লে: কর্নেল ইমরান বিন এ-রউফ, উপ-অধিনায়ক মেজর মোঃ জুলফিকার এবং ৬৯ পদাতিক ব্রিগেডের জিএস থ্রী ক্যাপটেন মোঃ জাহিদ। এদিকে অন্য একটি সুত্র জানায়, উদ্ধার করা গোলাবারুদ গুলো খুবই পুরাতন। এসব গোলাবারুদ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটিশের সৈন্যরা ফেলে রেখে চলে গিয়েছিল।
এম এ মালেক,বান্দরবান থেকে ।













