মীরসরাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে ২টি ককটেল বিস্ফোরণ : প্রকাশ্যে অস্ত্রের মহড়া
মীরসরাই উপজেলার মিঠানালা গ্রামের বোর্ড অফিস বাজার এলাকায় ২টি ককটেল বিস্ফোরণ করে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে এক দল সন্ত্রাসী। তুচ্ছ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ কার্যক্রম চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোর্ড বাজারের স্যাটেলাইট ব্যবসায়ী মো : অহিদের সাথে ঘিনাল এলাকার গ্রাহক মকবুল সাথে সংযোগ ফি নিয়ে বিবাধ লাগে। উভয়ের মধ্যে তুমূল হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে অহিদের পক্ষ নিয়ে মো: আলমগীর ঘটনা সম্পর্কে জানতে চাইলে পাশ্ববর্তী দোকানী নয়ন কবির অকথ্য ভাষা ব্যবহার করে। এসময় স্থানীয় আ’লীগ নেতা মোয়াজ্জেম ও সুন্দর খানের হস্তক্ষেপে সাময়িকভাবে বিবাধ থামলেও চরম উত্তেজনা বিরাজ করে।
এদিকে, রাতে আলমগীরের নেতৃত্বে ২০/২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী নয়ন কবিরের উপর হামলা চালাতে উদ্যত হয় এবং ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে নয়ন কবির দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা বোর্ড অফিস বাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মীরসরাই থানার ডিউটি অফিসার এএসআই জয়নাল বলেন, বিষয়টি তারা অবগত নন। কেউ কোনো অভিযোগ করে নি। তবে অভিযোগ পেলে তদন্ত করা হবে।
ইলিয়াছ রিপন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে ।











