রোজা মানুষের জৈবিক চাহিদার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে - অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম, আওলাদে রাসূল হযরত শায়খ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন,একাধারে পুরো মাস রোজা পালনের মাধ্যমে মানুষ তার পাশবিক ইচ্ছা ও অদম্য জৈবিক চাহিদার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে স্রষ্টার প্রেমে বিভোর এবং আল্লাহর মহত্তা ও শ্রেষ্ঠত্ব অনুধাবন করে কোরআন-সুন্নাহ্ অনুযায়ী চলতে অনুপ্রাণিত করে তোলে। আর এক্ষেত্রে রোজার এ অনুপম শিক্ষাকে কাজে লাগিয়ে রমজানের পরেও নিজেকে পরিশুদ্ধ ও পবিত্র রাখতে খলিফায়ে রাসূল (দঃ) কাগতিয়ার গাউছুল আজম প্রতিষ্ঠিত এ দরবারের আধ্যাত্মিক ব্যবস্থাপনা অনন্য সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে।
তিনি গত ৫ আগষ্ট রবিবার চট্টগ্রাম মহানগরীর সমাবেশ কমিউনিটি সেন্টারে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের উদ্যোগে কাগতিয়া দরবারের মহিয়সী রমণী রূহানী আম্মাজান (রাঃ) এর ওফাত বার্ষিকী স্মরণে ‘মানবীয় গুণাবলী বিকাশে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত হাজার হাজার সুন্নি জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, খলিফায়ে রাসুল (দঃ) এর বিশেষ মর্যাদায় অভিষিক্ত কাগতিয়ার গাউছুল আজমের এ দরবারে রয়েছে সীনা-ব-সীনা ফয়েজ-তাওয়াজ্জুহ্র আধ্যাত্মিক ব্যবস্থাপনা। যার প্রভাবে মৃত ক্বলব সজীব হয়ে ওঠে এবং জৈবিক শক্তিকে নিয়ন্ত্রণ করে আত্মিক শক্তিকে জাগ্রত করা যায়। এতে করে সর্বক্ষেত্রে সংযমী হয়ে পরিশীলিত জীবন গঠনে ধাবিত হওয়ার মাধ্যমে সিয়াম সাধনার মূল উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, দৈনিক আজাদীর সিনিয়র সহ-সম্পাদক খোরশেদুল আলম, চট্টগ্রাম দোকান মালিক ফেডারেশনের সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দীন তালুকদার, গাছবাড়ীয়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান ও আল্লামা মুহাম্মদ ফোরকান প্রমুখ। অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন স্তরের পেশাজীবি, সাংবাদিক, শিক্ষাবিদ ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে মিলাদ-কিয়াম শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করেন।











