লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশি ফেরত দেয়নি বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামত নিজ্জমা সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে আটক বাংলাদেশী ২ গরু ব্যবসায়ীকে সোমবারও ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আটক বাংলাদেশি ২ ব্যবসায়ীকে ফেরত চেয়ে একাধিকবার বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানালেও এতে সাড়া দেয়নি বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত ফাড়ির কিসামত নিজ্জমা সীমান্তের ৮৫৪ নং মেইন পিলারের ২নং সাব-পিলারের সীমান্ত এলাকা দিয়ে রোববার(২২জুলাই) ভোর রাতে কয়েকজন গরু ব্যবসায়ী লাইনম্যান কমিজ উদ্দিনের নেতৃত্বে গরু পার করছিল।এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি রানীনগর-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের একটি টহলদল তাদের ঘেরাও করে ।অন্যরা পালিয়ে গেলেও ওই দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটককৃতরা হলেন,লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্ত এলাকার আজিজার রহমানের ছেলে শহিদুল ইসলাম(২৮) ও একই ইউনিয়নের বেলেরবাড়ি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলামকে(৩৭) ।লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খাঁন মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, ‘ভারতীয় বিএসএফের হাতে আটক বাংলাদেশি শহিদুল ও সাইদুলকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে গত রোববার ও আজ সোমবার একাধিকবার দেওয়া হয়েছে। পাশাপাশি পতাকা বৈঠকেরও আহবান জানানো হয়। কিন্ত এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
এ.আর.লাডলা ,লালমনিরহাট থেকে ।











