লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত
পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের লালমনিরহাট-বুড়িমারী এবং লালমনিরহাট- পার্বতীপুর রুটে গত বুধবার রাতে পৃথক ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছে।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কন্ট্রোল অফিস সূত্র জানায়, লালমনিরহাট-বুড়িমারী রুটের যাত্রীবাহী কমিউটার ট্রেনে কাটা পড়ে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সিংগীমারী এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে আলতাফ হোসেন (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। এদিকে লালমনিরহাট জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইদ্রিস আলী জানান, ‘লালমনিরহাট - পার্বতীপুর গামী রমনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুড়িগ্রাম রাজারহাট-লাইনের সিংগেরডাবুরী এলাকায় এক অজ্ঞাতনামা (৪২) পথচারী ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান। এখানো নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
জানা গেছে,লালমনিরহাট -বুড়িমারী স্থলবন্দর রুটের কমিউটার ৭১৪ নম্বর ট্রেনটি গন্তেব্যের উদ্দ্যেশে রওনা দিলে বড়খাতা এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তি ট্রেনের হর্ণ উপেক্ষা করে রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ উদ্ধার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপি পুলিশকে জানানো হয়েছে। এছাড়া সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
এ.আর.লাডলা,লালমনিরহাট থেকে ।













