কুষ্টিয়ায় ছাত্র পেটানো অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
ছাত্র পেটানোর ঘটনায় কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহর এক মাসের বাধ্যতামূলক ছুটি বাতিল করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যক্ষ লিয়াকত আলী জানান, রোববার দুপুর একটায় স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শনিবার সকালে ছাত্রদের বিক্ষোভে মুখে স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছিলেন। এদিকে রোববার কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রর্বতী অভিযুক্ত অধ্যক্ষ, আহত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি জানিয়ে খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন পাঠিয়েছেন। উলেখ্য, গত বৃহস্পতিবার কোচিং না করায় কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহ লাঠি দিয়ে পিটুনি দিলে ১০ ছাত্র গুরুতর আহত হয়।
কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে











