ভারতের মুম্বইতে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরে ভয়াবহ আগুন
এক বিধ্বংসী ও ভয়াবহ আগুন লেগেছে ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বইয়ের মহারাষ্ট্র মন্ত্রালয়ে। আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রালয়ের চতুর্থ তলে আদিবাসী দপ্তরের মন্ত্রী বাব্বন রাও পাচপুতের কেবিন থেকে প্রথম আগুন লাগে। ঘন ধোঁয়াতে পুরো সাততলা মুখ্যমন্ত্রীর সদর দপ্তর ভরে যায়। ইতিমধ্যেই আগুন ছড়িয়ে
পড়েছে সমস্ত দপ্তরের সমস্ত ঘরেই। আরও জানা গিয়েছে যে আগুন ছড়িয়েছে মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের দফতরেও। তাকে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে এখনো বেশ কিছু মানুষ ভিতরে আটকে আছেন বলে খবর। আবার কেউ কেউ জানাচ্ছেন অন্যত্র বৈঠক থাকার কারণে মুখ্যমন্ত্রী সেই সময় দফতরে ছিলেন না। দক্ষিণ মুম্বইয়ের সমুদ্র তীরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহারাষ্ট্র মন্ত্রালয়ের কাছেই মহারাষ্ট্র হাইকোর্ট। ঘটনাস্থলে পুলিসের ও দমকলের বিশাল বাহিনী পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পৌঁছেছে দমকলের প্রচুর ইঞ্জিন। তবে আটকে থাকা সব কর্মীদের এখনও উদ্ধার করা যায়নি৷ এদিকে সমুদ্রের তীব্র হাওয়া আগুন দ্রুত ছড়িয়ে দিচ্ছে বলে জানা গিয়েছে। প্রাথমিক হিসাবে জানা যাচ্ছে একটি রাজ্যের প্রধান মন্ত্রালয়ে এভাবে আগুন লাগার ঘটনা ভারতে এই প্রথম। এখনো কোন প্রানহানির খবর নেই। অসুস্থদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
দীপক রায়, ভারত কলকাতা থেকে ।













