ময়মনসিংহের হালুয়াঘাটে পরিবহন শ্রমিক নির্যাতনের অভিযোগে এস আই সহ ৪ পুলিশ ক্লোজড
শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে পরিবহন শ্রমিক নির্যাতনের অভিযোগে আজ বুধবার বিকালে এক উপ-পরিদর্শক সহ ৪ পুলিশকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এর আগে সকালে শ্রমিকরা হালুয়াঘাটের সাথে ময়মনসিংহ ও রাজধানীর যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং পুলিশের বিচার দাবিতে ইউএনও অফিস ঘেরাও করে। উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসন শ্রমিক নির্যাতনকারী দারোগাসহ চার পুলিশকে ক্লোজড করলে পাঁচ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক(এসআই) শাহেদ আল মামুন, সহকারী উপ-পরিদর্শক(এএসআই) কামরুজ্জামান সঙ্গীয় কনস্টেবল ইসমাইল হোসেন ও নূর হোসেন বাস টার্মিনাল এলাকার মনিকুড়া টানাব্রীজ সড়কে যাকেই পেয়েছে তার ওপরই চড়াও হয়ে অকথ্য, অশ্রাব্য গালাগাল এবং বেধড়ক লাঠিপেটা করে। এতে বাসচালক মাসুদ, রহিম, হোসেন, আলিম, ইব্রাহীম, আজিম উদ্দিন, রিপন, ইঞ্জিন মিস্ত্রি মনা, নয়ন, সুপারভাইজার খোকন, সোহেল আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৯ টায় পুলিশের বিচার দাবিতে হালুয়াঘাট থেকে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এসময় শ্রমিকরা রাস্তায় শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে। শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে অটোরিকশা চালকরাও সড়ক অবরোধ কর্মসূচীতে যোগ দেন।
অবরোধ চলাকালে থানায় আসার পথে এসআই মাইনউদ্দিন বাস টার্মিনাল এলাকায় শ্রমিকরা ধাওয়া করে পুলিশের বিচার দাবিতে মিছিল করে শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে এবং স্মারক লিপি প্রদান করে। এ ব্যাপারে উপজেলা পরিষদে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা চেয়ারম্যান আলী আজগর, ওসি মুশফিকুর রহমান, হালুয়াঘাট মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক কাইয়ুম সর্দার, শ্রমিক নেতা জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ওসি পুলিশের পক্ষ থেকে উদ্ভুত পরিস্থিতির জন্য দু:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তিমূলক আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। ময়মনসিংহের পুলিশ সুপার কৃষিবিদ গোলাম কিবরিয়া পরিবহন শ্রমিক নির্যাতনের অভিযোগে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক(এসআই) শাহেদ আল মামুন, সহকারী উপপরিদর্শক(এএসআই) কামারুজ্জামান কনস্টেবল ইসমাইল ও নূর হোসেনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করেছে।











