চাটমোহর : বাজারে উঠেছে বোম্বাই লিচু
জাহাঙ্গীর আলম,চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সাধারণত লিচু বিক্রি হয় শ’ হিসাবে। অথচ পাবনাতে এখন শ’ হিসাবে নয়, একেকটি বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ৭ টাকা করে। অবিশ্বাস্য মনে হলেও পাবনার বাজারে এ চিত্র দেখা গেছে। বাজারের ক্রেতা-বিক্রেতারা জানান, লিচুর মওসুম এখন একেবারে শেষ প্রান্তে। বিখ্যাত বোম্বাই লিচুর গাছগুলো এখন ফলশূন্য। বিক্রেতা আলতাফ হোসেন জানান, অনেক খোঁজাখুঁজি করে কিছু লিচু সাহাপুর থেকে তিনি কিনে এনেছেন ৬০০ টাকা শ’ হিসাবে। বাজারে এনে তিনি বিক্রি করছেন ৭০০ টাকা দরে।
তিনি আরোও জানান, ক্রেতারা এত বেশি দামে লিচু খুব একটা কিনছে না। তাই তিনি প্রতিটি লিচুর দাম ৭ টাকা করে বিক্রি করার জন্য হাঁক-ডাক দেন। এতে ভালো সারা পাওয়া যায়। দু’চারটি করে লিচু কিনে অনেকেই এবছরের মতো লিচুর শেষ স্বাদ গ্রহন করছেন। ক্রেতা শহীদুজ্জামান রতন জানান, বাজারে যখন লিচু একেবারেই শেষ, তখন সামনে পেয়ে এবারের মতো শেষ স্বাদটুকু গ্রহণ করার লোভ সংবরণ করতে পারলাম না। তাই, ৭ টাকা পিস হিসেবে তিনি ১০টি লিচু কিনেছেন ৭০ টাকা দিয়ে।











