বি প রী তে র কা ছে
সৈয়দ এনাম আহমেদ
বিপরীতের কাছে হার মেনেছি
বিধবা হয়েছি যেন একাকীত্বের মরণে
,সত্তায় সাদা শাড়ী জড়িয়ে আজ
শান্তি কামুক বহতা নদী আমরা দু’জনে।
ঢেউয়ের গোপনে ঢলতা ডাক
শ্বাপদ সঙ্কুল হৃদয়ে লাগে রঙ-বারতা,
বিবক্ত বিষে জলের সংলাপ
তটে অন্তর্লীন পেলবতা আর পঙ্কিলতা।
বিপরীতের কাছে বহুদিনের
জীর্ণতা ঠেলে ওষ্ঠে জড়িয়েছি যাদুর বাঁশি,
অভিসার তিথির শ্মশানে বসে
প্রত্যর্থীর এ প্রত্যাঘাত আমার ভালবাসি।।











