তালায় এরশাদ কাপ ফুটবল টূর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে উত্তীর্ন খলিলনগর ফুটবল একাদশ
সেলিম হায়দার,তালা প্রতিনিধি : তালায় শুক্রবার বিকালে স্থানীয় সরকারি কলেজ ফুটবল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদ কাপ ফুটবল টূর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খলিলনগর ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে হাজরাকাঠি ফুটবল একাদশকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে উত্তীর্ন হয়েছে। খেলা উপলক্ষ্যে এক সভায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও তালা সদর ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এস.এম নজরুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। উপজেলা যুব সংহতির আহবায়ক সরদার কবির আহম্মেদ এর পরিচালনায় সভায় তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাজী আমিনুল হক আফরা, তালা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ও আ’লীগ নেতা কাজী মারুফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি, সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেস ক্লাবের সাধরন সম্পাদক জলিল আহমেদ, ছাত্রসমাজ নেতা শেখ হাবিবুর রহমান হাবিব, বি.এম. জুলফিকার রায়হান, মির্জা খলিল, জাহিদ আবেদীন বাবু, নজরুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলায় দুই দলের মধ্যে একের পর আক্রমন পাল্টা আক্রমনে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে। তবে খলিলনগর ফুটবল একাদশ শক্তিশালী খোলোয়াড়দের সমন্বয়ে রণকৌশল নিজেদের নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হওয়ায় ৩-০ ব্যবধানে বিজয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ও জাতীয় ছাত্র সমাজ এর বাস্তবায়নে অনুষ্ঠিত একই মাঠে আজকের (২৬ মে) দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ঐতিহ্যবাহী তালা ক্লাব কপিলমুনির শক্তিশালী ফুটবল একাদশের মোকবিলা করবে। খেলা শেষে আগামী ৪ জুন তালা সরকারি কলেজ ফুটবল মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসভার পাশাপাশি টুর্নামেন্টের বিজয়ী দলের কাছে ট্রফি তুলে দেবেন বলে জাতীয় পার্টি সূত্রে জানা গেছে। যে কারনে এই খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে।











