ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে -সিলেটের জেলা প্রশাসক
কবির আহমদ, সিলেট থেকে : সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খান মোহাম্মদ বিল্লাল বলেছেন, ইসলামী ব্যাংক ফুটবল এবং ক্রিকেটে স্পন্সর করে বাংলাদেশকে নতুন ভাবে জাগিয়ে তুলেছে। এই ব্যাংক ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, খেলাধুলার পাশাপাশি এই ব্যাংক মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার বিকেলে সিলেট স্টেডিয়ামে জাতীয় স্কুল ফুটবল ইসলামী ব্যাংক টুর্নামেন্ট ২০১১ সিলেট অঞ্চলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ব্যাংকের সিলেট শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, গত বিশ্বকাপ ক্রিকেটে ইসলামী ব্যাংক স্পন্সর হয়ে সাজসজ্জার মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে জাগিয়েছিল এবং সাজিয়েছিল। আর ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে পুরানো ঐতিহ্যকে আবারও সকলের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ব্যাংক। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় ভাবেও যেন ইসলামী ব্যাংক সহযোগিতার হাত প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের সিলেট শাখার কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাইন উদ্দিন আহমদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা নিরঞ্জন দে, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার ভাইস প্রেসিডেন্ট শহিদ আহমদ, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান প্রমুখ। টুর্নামেন্টে সিলেটের বালাগঞ্জ উপজেলার মঙ্গলচন্ডী নিশি কান- উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বিশ্বনাথের তাহির আলী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ-এর মধ্যে পুরস্কার বিতরণ করেন।











