সিলেটে সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে স্থাপন হচ্ছে শাহজালাল সার কারখানা -২৪ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন
বিশ্বজিৎ রায়,বিএনবি নিউজ : সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপন হচ্ছে দীর্ঘ প্রত্যাশিত শাহজালাল সার কারখানা। এ কারখানাটি স্থাপনে ব্যয় হবে সাড়ে ৫ হাজার কোটি টাকা। আগামী ২৪ মার্চ এ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি’ নামে অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৭০ শতাংশ অর্থ দিচ্ছে চীন সরকার। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে চীনের ঋণ পরিশোধযোগ্য। বাকি টাকা বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে যোগান দেবে। শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির মূল প্লান্টের জন্য বর্তমান সার কারখানার দক্ষিণে ১৫০ একর জায়গা প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিম হাউজিং কলোনির ২ শতাধিক বাসা প্রকল্প এলাকার মধ্য পড়ে যাওয়ায় ভেঙে ফেলার কর্যক্রম শুরু হয়েছে। শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের প্রকল্প পরিচালক (পিডি) কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যে সব প্রস’তি সম্পন্ন হয়েছে। ২০১৫ সালের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে নতুন সার কারখানাটি চালু হলে পুরাতন কারখানাটি থাকবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। যদিও বর্তমান সার কারখানাটি চালু রেখেই শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি নির্মাণ করা হবে বলে আগেই ঘোষণা দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এদিকে সার কারখানার নির্মাণ কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একই উপজেলার পারুলীকোনায় ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট সিসিবিপি পাওয়ার প্ল্লান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন। এ প্লান্ট নির্মাণে ব্যয় হয়েছে ৫২৪ কোটি টাকা। গত বছরের ১ এপ্রিল থেকে ওই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পরে সিলেট শহরতলির কুমারগাঁওয়ে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৮৭৮ কোটি ৯৯ লাখ টাকা। দুপুরে প্রধানমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের ১২তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১০ কোটি ৭৯ লাখ টাকা। এ ব্যাপারে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আমরা খুবই আনন্দিত প্রধানমন্ত্রী সিলেট সফরে আসছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী বিকেলে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। এ জনসভা সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি।











